গত ১৪ ফেব্রুয়ারি কাশিয়ানী উপজেলার পোনা বাস স্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিহত ছয়জনের পরিবারের প্রত্যেককে পঁচিশ হাজার টাকা এবং আহত ছয়জনের পরিবারের প্রত্যেককে দশ হাজার টাকা করে মোট ২১০০০০/= (দু’লক্ষ দশ হাজার) সরকারি এ আর্থিক অনুদান প্রদান করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।
পারুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মকিমূল ইসলাম মকিমের সঙ্গে কথা হলে তিনি জানান, গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পারুলিয়া ইউনিয়নের তিতাগ্রামের ছয়জন নিহত ও ছয়জন আহত হয়। এসময় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ নিহত ও আহতদের পরিবারকে সাহায্য সহযোগিতা করা হবে বলে জানান। এরই পরিপ্রেক্ষিতে আজ গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
তিনি আরো জানান, আমাদের মাননীয় এমপি মুহাম্মদ ফারুক খান দুর্ঘটনার খবর শুনে এলাকায় যোগাযোগ করেন এবং নিহত ও আহতদের পরিবারের খোঁজ খবর নেন। সেইসাথে আহত যারা ঢাকা মেডিকেলে ভর্তি আছেন তাদের চিকিৎসায় কোন ত্রুটি না হয় সে বিষয়ে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম আমিনকে আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে বলেন।
এসময় উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলাউদ্দিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরশ উজির 











