রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মো. রাকিব (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল সোমবার রাতে যাত্রাবাড়ী থানার পাশের রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২টায় মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ওয়াহিদুল।
নিহত রাকিব একটি ফার্নিচার দোকানের কর্মচারী ছিলেন। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মোখলেস ব্যাপারীর ছেলে। থাকতেন যাত্রাবাড়ীর জেলে পাড়ায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে’।
স্টাফ রিপোর্টার 
















