রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবে না রুশবাহিনী। ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী নাফতালি বেনেত যখন মস্কো সফরে যান, তখন পুতিন এমন প্রতিশ্রুতি দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
নাফতালি বেনেত এক দীর্ঘ সাক্ষাৎকারে পুতিনের এই প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। গত শনিবার রাতে একটি ইউটিউব চ্যানেলে তার এই সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। সাক্ষাৎকারে নাফতালি বেনেত বলেন, জেলেনস্কিকে হত্যা করার সম্ভাবনা কতটুকু? আমি এই প্রশ্ন পুতিনকে করেছিলাম। জবাবে পুতিন বলেছিলেন, ‘আমি তাকে (জেলেনস্কি) হত্যা করতে চাই না’।
নাফতালি বেনেত তাকে আরও প্রশ্ন করেন, ‘আপনার উত্তর শুনে আমি ধরে নিচ্ছি, আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন জেলেনস্কিকে হত্যা করা হবে না’। জবাবে পুতিন আবারও বলেন, ‘আমি জেলেনস্কিকে হত্যা করব না’।
পুতিনের এমন মনোভাবের কথা পরে জেলেনস্কিকেও জানিয়েছেন নাফতালি বেনেত। তিনি বলেন, ‘জেলেনস্কিকে আমি বলেছি, পুতিন আপনাকে হত্যা করবে না’। তখন জেলেনস্কি তাকে বলেন, ‘আপনি কি নিশ্চিত?’ জবাবে নাফতালি বেনেত বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত, তিনি আপনাকে হত্যা করবে না’। জেলেনস্কির সঙ্গে এমন কথোপকথনের বিবরণ ওই সাক্ষাৎকারে নাফতালি বেনেত নিজেই দিয়েছেন।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পরের এক বছরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হতে দেখেছে বিশ্ববাসী। তবে যুদ্ধে কেউই এখন পর্যন্ত খুব একটা সুবিধা করে উঠতে পারেনি।
স্টাফ রিপোর্টার 














